
গাইবান্ধার সাঘাটা উপজেলায় টিকটকের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের জেরে এক কিশোর ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাঘাটা উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র ১৫ বছর বয়সী আল আমিন মিয়া এবং জোড়ডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার তাজমিন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে আল আমিনের সঙ্গে তাজমিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর জের ধরে গত রোববার বিয়ের দাবি নিয়ে তাজমিন আল আমিনের বাড়িতে চলে আসেন। পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মেনে না নেওয়ায় সোমবার দুজনে একসঙ্গে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে আল আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান, তবে তাজমিনের মরদেহ হাসপাতালে থেকে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ আল আমিনের বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দারুল হুদা জানান, ঘটনার খবর পাওয়ার পর আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
