
চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের দৃশ্যধারণের সময় শিল্পীদের ব্যক্তিগত সীমানা ও সম্মতির বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে ইন্টিমেসি কো-অর্ডিনেটরের ভূমিকা এখন অপরিহার্য। সদ্য ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’-র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা সম্প্রতি তুলে ধরেছেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল। তাঁদের মতে, ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দারের উপস্থিতিতে পুরো কাজটি পেশাদার ও স্বচ্ছন্দ ছিল।
ভারত টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, এই সিনেমায় অভিনয় করার আগে তিনি কখনোই অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি। স্বভাবতই শুটিংয়ের শুরুতে তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে রসিকা দুগাল ও ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সহযোগিতায় তিনি সহজ হতে পেরেছেন। কাজের প্রয়োজনে কোন জায়গায় স্পর্শ করা যাবে আর কোথায় যাবে না—এই সীমারেখাগুলো আগে থেকেই নির্ধারণ করে নেওয়া হয়েছিল। কোনো দৃশ্য ধারণের আগে সহ-অভিনেত্রীর অনুমতি নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মোহিত বলেন, প্রথমবারের মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটি বেশ ইতিবাচক। নিজেদের অস্বস্তির জায়গাগুলো খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। এই বিষয়ে রসিকা দুগাল জানান, আগে থেকে পরিকল্পনা থাকায় শুটিংয়ের সময় অভিনয়ের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হয়েছে। পরিচালক কী চাচ্ছেন বা সহশিল্পী কিসে স্বচ্ছন্দ—তা নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করতে হয়নি, বরং পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
ব্যক্তিগত জীবনে অভিনেতা মোহিত মালিক অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের বিষয়টি তাঁর স্ত্রী অভিনেত্রী অদিতি মালিকের সঙ্গেও শেয়ার করেছিলেন। তিনি অদিতিকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেছিলেন। সিনেমা দেখার পর অদিতি নিজেই মোহিতের কাছে জানতে চেয়েছিলেন তিনি দৃশ্যগুলোর ব্যাপারে স্বচ্ছন্দ কি না। মোহিত জানান, একজন বিবাহিত পুরুষের পরিচয়ের আগে তিনি একজন অভিনেতা। তাঁর স্ত্রী অদিতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, যদি গল্পের প্রয়োজনে চরিত্রের খাতিরে কোনো দৃশ্যের প্রয়োজন হয়, তবে তা সিনেমার অংশ হিসেবে থাকা উচিত।
মোহিতের মতে, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের দায়িত্ব কেবল অভিনয়শিল্পীদের পারস্পরিক বোঝাপড়ার ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়; বরং সেখানে ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতি প্রয়োজন। এই পেশাদার ব্যক্তিরাই অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সম্মতির ভিত্তিতে দৃশ্যের পরিকল্পনা করেন। ‘মির্জাপুর’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মোহিতের জন্য এই কাজের ধরন ছিল নতুন অভিজ্ঞতা। রসিকা দুগাল এই সিরিজে বিনা ত্রিপাঠী চরিত্রে অভিনয় করে আগেই দর্শকের নজর কেড়েছেন। নতুন সিনেমাতেও তাঁদের রসায়ন উপভোগ করেছেন দর্শক।
