
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর সাময়িক বন্ধ থাকায় ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে চলাচলকারী ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ১৬ হাজার ৬২০ জন যাত্রী গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এতে আটকা পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৪৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। পাশাপাশি বাতিল করা ৬৩টি ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো এয়ারের ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
