
বিশেষ প্রতিনিধি :
এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। সে লক্ষ্যে দেশকে একটি উন্নত-সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার জন্য যেমন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে তেমনি দুর্যোগে-দুঃসময়ে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি বরাবরের মতো আওয়ামী লীগ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। গনভব থেকে নগদ অর্থ সহায়তা উদ্ভোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন।
রবিবার (২ মে) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিকশা ও ভ্যানচালক, মোটর শ্রমিকসহ কর্মহীন বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হবে। আগামী তিন দিনের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) ভিত্তিতে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যাবে এসব পরিবারের কাছে।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াবো। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে। শুধু সরকারে এসেই নয়, দল হিসেবেও আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থেকেছে।’
