
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) অভিযান চালিয়ে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমকে আটক করেছে খুলশী থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম ২৪ নিউজকে বলেন, জিইসি মোড় এলাকায় গোপন বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
আবুল কাসেম স্থানীয় রাজনীতিতে পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া তিনি পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা হিসেবেও পরিচিত। তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব বিস্তার, জমি দখল, নির্যাতন ও হয়রানিসহ বিভিন্ন অভিযোগে পটিয়া ও বাকলিয়াসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে।
দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আবুল কাসেমের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁর বিরুদ্ধে জনরোষ চরমে পৌঁছায়। অতীতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে সেনাবাহিনীর কাছেও হস্তান্তর করেছিলেন বলে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে।
তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে তাঁর এই আকস্মিক আটকের ঘটনায় পটিয়ার রাজনৈতিক মহলে নতুন করে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
