
খুলনার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সোমবার রাতে নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার উদ্দেশে তেরখাদার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় তোলে। তবে তারা দিঘলিয়ায় না নিয়ে তাকে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—তেরখাদার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
