
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ পার্টি’র ব্যানারে তরুণদের এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পুলিশ বিক্ষোভকারীদের সেখানে জড়ো হওয়ার কোনো অনুমতি দেয়নি বলে জানিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচির বিষয়ে তারা আগে থেকেই পুলিশকে ইমেইল মারফত জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। আটকের পর ইমরান খান পুলিশের গাড়ির ভেতর থেকেই একটি ছবি প্রকাশ করেছেন। তিনি বর্তমানে মুম্বাই পুলিশের জিম্মায় রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেতা ইমরান খান তরুণদের উদ্দেশে বলেছেন, ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে আছি। অন্যদিকে, দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মুম্বাই পুলিশ জানিয়েছে, পূর্বানুমতি না থাকায় আগস্ট ক্রান্তি ময়দানে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভের অনুমতি ছিল না। এনডিটিভির তথ্যানুযায়ী, পুরো ঘটনাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
