
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির। এ সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বাড়াতে পারার পাশাপাশি কার্যকর ব্যয় ব্যবস্থাপনার কারণে এই আর্থিক অগ্রগতি সম্ভব হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মেয়াদে আইপিডিসি ফাইন্যান্সের মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৮০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। এর মধ্যে বিনিয়োগ থেকে আয় ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৬ কোটি ৩০ লাখ টাকায় পৌঁছেছে। পাশাপাশি কমিশন ও ব্রোকারেজ খাত থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। তবে এই সময়ে পরিচালন ব্যয় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যয় তুলনায় আয় দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রভিশন-পূর্ব মুনাফা ৪০ শতাংশেরও বেশি বেড়ে ১৯০ কোটি ৭০ লাখ টাকা হয়েছে। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
ব্যবসায়িক কার্যক্রমের স্থিতিতেও ইতিবাচক পরিবর্তনের দেখা মিলেছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্সের ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭ হাজার ৫৭৮ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। দেশের আর্থিক খাতের চাহিদার স্থবিরতা সত্ত্বেও সতর্কতার সঙ্গে ঋণ বিতরণের ধারা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আমানত ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৯১ কোটি টাকা এবং বিনিয়োগ পোর্টফোলিও ৪৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। আমানত ৯ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৬৭৯১ কোটি টাকা। বিনিয়োগ পোর্টফোলিও ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ১৫৫৬ কোটি টাকা।
প্রতিষ্ঠানটির ৪৫তম বছরে পদার্পণের অপেক্ষায় থাকা নিয়ে ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস জানান, এই বিশেষ মুহূর্তে অর্জিত মুনাফা কোম্পানির ব্যবসার গতি বৃদ্ধি, নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এবং শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরির প্রতিফলন।
