
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন সংকটের সমাধান ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরুর ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।
আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধের চরম সংকট রয়েছে এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে সেবা প্রদান কঠিন হয়ে পড়েছে। এছাড়া, ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ প্রবেশাধিকারের কারণে চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকির মুখোমুখি হতে হয়। বিশেষ করে হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় নিয়মিত ভর্তি হওয়া রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, যার ফলে সীমিত সরঞ্জাম দিয়ে রোগীদের সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে।
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, এসব সমস্যা সমাধানের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগে বেশ কয়েকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কর্তৃপক্ষের উদাসীনতায় বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন। হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, চলমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
