
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী ভাইকে মারধরের ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) লিখিত জবাব চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান।
জানা যায়, বকেয়া বেতন চাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীর অভিভাবককে মারধরের ঘটনার বিষয়টি দৈনিক সুদীপ্ত চাঁদপুরসহ চাঁদপুরের স্থানীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম প্রধান কে লিখিত জবাব প্রদান করার নির্দেশ দেন। এদিকে শিক্ষার্থীর অভিভাবক কে মারধরের ঘটনার পরবর্তী সময়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই মর্মে প্রভাব বিস্তার করে লিখিত রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানায় স্থানীয়রা।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তাঁর বড় ভাই রূপক দেবনাথ বিদ্যালয় আসেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম প্রধান বকেয়া বেতন প্রদানের জন্য বলেন। বকেয়া বেতন দেওয়া না দেওয়া নিয়ে ছাত্রীর ভাই ও শিক্ষকের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সহকারি প্রধান শিক্ষক আলম প্রধান অফিস কক্ষে থাকা বেত দিয়ে রূপক দেবনাথ কে আঘাত করেন। বেত দিয়ে বেশ কয়েকবার আঘাত করার পর রুপক তার হাত দিয়ে বেত ধরে টানাহেঁচড়া করেন। বিষয়টি দেখে বিদ্যালয়ের দাতা সদস্য ও নায়েরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুন মিয়া ও তার সহযোগীরা অফিসকক্ষে এসে রূপক দেবনাথ কে মারধর করেন।
